ফলোআপ
নান্দাইলে ৫ম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের
চরশ্রীরামপুর গ্রামে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের পর রবিবার দিবাগত রাতে পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার
করেছে। গ্রেফতারকৃতরা হলো- চরশ্রীরামপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে
আল-আমীন (২৮) ও একই গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে মাসুদ মিয়া (২৫)। এদিকে, নির্যাতিত মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্যে
সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেয়েটি রবিবার (১২ জুন) নান্দাইল মডেল থানায়
উপস্থিত হয়ে গণধর্ষণের অভিযোগ করে। মেয়েটির বাড়ি পার্শ্ববর্তী
ঈশ্বরগঞ্জ উপজেলার বিলঘেরোয়া গ্রামে। সে ধুনিয়াকান্দি ফাজিল
মাদরাসার ছাত্রী।
জানা যায, গত ৭ জুন মেয়েটি নান্দাইলের চরশ্রীরামপুর গ্রামে বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে আসলে
পূর্বপরিচিত কয়েকজন (যাদের বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে) সন্ধ্যার দিকে একটি জঙ্গলে
নিয়ে তাকে গণধর্ষণ করে। এ ঘটনার পর থেকে নির্যাতিত মেয়েটি বোনের বাড়িতে
অসুস্থ অবস্থায় ছিল। নির্যাতনকারীরা অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায়
মেয়েটি থানায় আসতে পারেনি, এমনকি স্থানীয় হাসপাতালে
এসে চিকিৎসা পর্যন্ত নিতে পারেনি।
বিষয়টি জানাজানি হলে পিতৃহীন এই নির্যাতিত
মেয়েটিকে এলাকার কয়েকজনের সহযোগিতায় রবিবার নান্দাইল মডেল থানায় আসে। ওইদিনই গণধর্ষণের অভিযোগে ৭ জনের নামে নান্দাইল মডেল থানায় মামলা হয়। মামলায় অভিযুক্ত আসামীরা হলো- তারা হলো, রাজু, আল-আমীন, মাসুদ, সবুজ,মোকাম্মিন ওরফে কাইল্যা, লিটন ও মিন্টু। গ্রেফতারকৃত দুই অভিযুক্তকে থানায় আনা হলে নির্যাতিত মেয়েটি আল-আমীন ও মাসুদকে
দেখে চিহ্নিতও করে।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ
(ওসি) আতাউর রহমান বলেন, অন্যান্য আসামিদেরকেও
দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয়
পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)