বিশ্ব অটিজম সচেতনতা দিবসেও নির্যাতিত প্রতিবন্ধী নারীর প্রতি
কারও সহানুভূতি নেই !
নান্দাইলে হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রনায় কাতরাচ্ছে বাকপ্রতিবন্ধী
শিরিনা আক্তার
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের
লঙ্গারপাড় গ্রামে শিরিনা আক্তার (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী নারী নির্যাতনের শিকার
হয়ে স্থানীয় হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রনায় কাতরাচ্ছে। আজ শনিবার (০২ এপ্রিল) বিশ্ব অটিজম সচেতনতা দিবস সারা দেশে ঘটা করে পালিত হলেও
ওই আহত নারীর উন্নত চিকিৎসা ও আইনি ব্যবস্থায় গ্রহণের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের কোন
সহানুভূতি পাচ্ছে না। ফলে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন
দেখা দিয়েছে।
জানা যায়, ওই গ্রামের আহম্মদ আলীর মেয়ে বাকপ্রতিবন্ধী শিরিনা আক্তার। একদিন আগে ঝড়ে পড়ে যাওয়া একটি কলা গাছের কাদি প্রতিবেশি মোহাম্মদ আলী (৪০) নামে
এক ব্যক্তি নিয়ে যায়। গত শুক্রবার (০১ এপ্রিল) দুপুরে শিরিনা ওই
কলার কাদি ফিরিয়ে আনতে গেলে মোহাম্মদ আলী স্ত্রী জহুরা খাতুন তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে মোহাম্মদ আলী ওই প্রতিবন্ধী নারীর মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর
জখম করে। এ সময় আহত প্রতিবন্ধী শিরিনা ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়লে তার
পরিবারের লোকজনরা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। দরিদ্র পরিবারের সদস্য হওয়ায় অর্থাভাবে
সঠিক চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে জানা যায়।
আজ শনিবার বিশ্ব অটিজম সচেতনতা দিবসেও নান্দাইল
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়,
মহিলা ওয়ার্ডের ৩৬ নম্বর শয্যায় শিরিনা প্রচন্ড
ব্যথায় ছটফট করছে। শনিবার বিশ্ব অটিজম সচেতনতা দিবসেও ওই প্রতিবন্ধী
নারী চিকিৎসায় চরম অবহেলা করা হচ্ছে। শিরিনার তার মা নূরুন্নাহার
বলেন, ভর্তির পর একদিন চলে গেছে ডাক্তারের দেখা
নেই। জরুরি বিভাগের দেওয়া ব্যবস্থাপত্রের ওষুধ বাহির থেকে কিনে এনে
খাওয়াচ্ছি।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার (ওসি) আতাউর
রহমান বলেন, আপনার মাধ্যমে ঘটনাটি প্রথম জানলাম। শীঘ্রই একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হবে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন অংশ,লেখা বা ছবি নকল করা
বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয় পাঠকগণ
যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
