স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়নের
পালাহার গ্রামে পিণ্টু ফ্রান্সিস পিরিছ (৩৫) নামে এক খ্রিষ্টান ব্যক্তিকে বাড়ি থেকে
ডেকে নিয়ে হত্যার চেষ্টার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। আহত পিণ্টু গত চারদিন ধরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন।
আজ রবিবার (২৪ জুলাই) পিণ্টুর বাড়িতে গেলে
তাঁর শ্বশুর আবদুল কদ্দুছ (৭০) ও দুই শ্যালক রফিকুল ইসলাম (১৭) ও শফিকুল ইসলামকে (১০)
বাড়িতে পাওয়া যায়। ঘটনা সম্পর্কে তারা জানায়, গত বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে স্থানীয় কতিপয় লোকজন বাড়িতে
এসে পিন্টুকে মারধর করে। পরে ওই ঘটনাটি মিমাংসা
করার কথা বলে এলাকার ইউপি সদস্য ও স্থানীয় যুবদল নেতা ফারুক মিয়ার লোকজন রাতের বেলায়
পিণ্টুকে মুশুলি বাজারে ডেকে নিয়ে যায়।
পিন্টুর স্ত্রী মিতু স্টেফিনি পিরিছ ওরফে
আছমা আক্তার মৌ (২৮) বলেন, প্রায় ঘণ্টাখানেক পর
মুঠোফোনে জানতে পারেন তাঁর স্বামী অচেতন অবস্থায় মুশুলি স্কুল এন্ড কলেজের ফটকের সামনে
পড়ে আছে। সন্ত্রাসীরা তাকে গুরুতর আহত করে অর্ধমৃত অবস্থায় ফেলে চলে যায়। পরে তিনি তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি
করেন।
মুশুলি স্কুল এন্ড কলেজের পেছেনে অবস্থিত
ইউপি সদস্য ফারুক মিয়ার বাড়ি। বাড়িতে গিয়ে জানতে
চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তবে কিশোরগঞ্জ এলাকার রুমেল নামে আওয়ামী লীগ নেতা ঘটনাটি মীমাংসা করার জন্যে পিণ্টুকে
তাঁর কার্যালয়ে ডেকে আনে।
নান্দাইল রোড চৌরাস্তায় অবস্থিত রূপসী পোলট্রি
ফিড নামের দোকানে গেলে এর মালিক নিয়ামুল হক ওরফে শরীফ বলেন, তিনি পিণ্টুর কাছে ১৩ হাজার ৩২৫ টাকা বকেয়া পাবেন। গত বৃহস্পতিবার তাঁর ছোট ভাই আলীম পাওনা টাকা চাইতে গিয়ে পিণ্টুর সাথে তর্ক ও হাতাহাতি
হয়। নিয়ামুল দাবি করেন, পিণ্টুর সাথে
হাতাহাতি করে তাঁর ছোটভাই আহত হয়। এরপরে কী ঘটেছে তা
তিনি বলতে পারবেন না।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)
মো. আতাউর রহমান বলেন, পিণ্টুর স্ত্রী বাদী
হয়ে গতকাল রবিবার দুপুরে একটি এজাহার দিয়েছে। এ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে
কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)

