নান্দাইলে ২১৫ বস্তা ভিজিএফের চাল উদ্ধার, আওয়ামীলীগ নেতার নামে মামলা
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের
বীরকামটখালী উত্তর বাজারের একটি ঘর থেকে ২১৫ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করেছে পুলিশ। ওই বাজারের জনৈক রাব্বানীর দোকান ঘর থেকে গত শনিবার রাতে ওই বস্তাগুলো উদ্ধার করা
হয়েছে। এ ঘটনায় রবিবার (০৪ জুলাই) পুলিশ বাদি হয়ে স্থানীয় ইউনিয়ন পর্যায়ের
আওয়ামীলীগ নেতা মো. নয়নসহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামী করে নান্দাইল মডেল থানায় একটি মামলা
করা হয়েছে।
জানা যায়, উপজেলার বেতাগৈর ইউনিয়নের জন্য ৮ হাজার ৬৪ জন কার্ডধারীর মধ্যে ২০ কেজি হারে ভিজিএফের
চাল বরাদ্ধ দেয়া হয়। অভিযোগ রয়েছে ওই ইউনিয়নে ভিজিএফের কার্ড অর্ধেক
নেয় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ আর অর্ধেক নেয় ইউনিয়ন পরিষদের জন প্রতিনিধিগণ।
খাদ্য অধিদপ্তর লেখা ভিজিএফের চাল ভর্তি বিপুল
পরিমাণ বস্তা বীরকামটখালী উত্তর বাজারের একটি দোকানে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে
মজুদ করেন স্থানীয় বেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মো. নয়নসহ কয়েকজন। এলাকাবাসী বিষয়টি নান্দাইল মডেল থানা পুলিশকে জানালে থানার উপ-পরিদর্শক (এসআই)
নূর ইসলাম রাতে ঘটনাস্থলে গিয়ে ২১৫ বস্তা ভর্তি চাল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, জব্দ হওয়া চালের বস্তা ২১৫টি নয়, আরও বেশি হবে। মামলায়ও অন্যতম অভিযুক্তদের রহস্যজনক কারণে
আসামী করা হয়নি।
জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
আতাউর রহমান মামলা দায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে
কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)